নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা চেয়ে দেশের ২১ জন বিশিষ্ট ব্যক্তি বিবৃতি দিয়েছেন।বুধবার সন্ত্রাসনির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ প্রেরিত বিজ্ঞপ্তিতে ২১ জনের স্বাক্ষর সংযুক্ত বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।বিবৃতিতে ২১ জন বিশিষ্ট ব্যক্তি বলেন, নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করা হয় ৬ মার্চ ২০১৩। এ হত্যাকাণ্ডের চার বছরেও মামলার অভিযোগপত্র না দেয়ায় আমরা ব্যথিত ও ক্ষুব্ধ। সংবাদমাধ্যমে আমরা জেনেছি এ হত্যার সঙ্গে জড়িত একাধিক ঘাতক ১৬৪ ধারায় জবানবন্দির মাধ্যমে হত্যা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন। গত তিন বছর আগে এ হত্যার তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলনের মাধ্যমে এ হত্যার বিস্তারিত বিবরণ দিয়ে উপস্থিত সংবাদকর্মীদের একটি খসড়া অভিযোগপত্র প্রদান করেছেন। কিন্তু আজ পর্যন্ত সে অভিযোগপত্র আদালতে পেশ করা হয়নি। আমরা দ্রুত অভিযোগপত্র প্রদানের জন্য ও এ নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন করতে প্রধানমন্ত্রীকে নির্দেশ প্রদানের জন্য আবেদন জানাচ্ছি। বিবৃতিতে স্বাক্ষর দিয়েছেন আহমদ রফিক, ড. আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ড. সনজীদা খাতুন, কামাল লোহানী, অধ্যাপক হাসান আজিজুল হক, অধ্যাপক যতীন সরকার, ড. বদিউল আলম মজুমদার, ড. হায়াৎ মামুদ, ড. সৈয়দ আনোয়ার হোসেন, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক শান্তনু কায়সার, ড. সফিউদ্দিন আহমদ, ডা. সারোয়ার আলী, মামুনুর রশীদ, আয়েশা খানম, ড. মালেকা বেগম, অধ্যাপক শফি আহমেদ, মফিদুল হক, অধ্যাপক এম এম আকাশ ও অধ্যাপক আনু মুহাম্মদ।মো: শাহাদাত হোসেন/এএম/আরআইপি