গাজীপুরের টঙ্গীতে প্রিজনভ্যান লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপের সময় এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মোস্তফা কামাল (২২)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পাগলী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।গাজীপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মো. হাফিজুল ইসলাম জানান, মুফতি হান্নানের সহযোগীকে ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে প্রিজনভ্যানটি টঙ্গীর কলেজ গেট এলাকায় পৌঁছালে সেটি লক্ষ্য করে ওই যুবক দুটি হাতবোমা নিক্ষেপ করে। লক্ষ্যভ্রষ্ট হয়ে বোমা দুটি রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়। এসময় আমরা ওই এলাকায় দায়িত্ব পালন করছিলাম। বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় ওই যুবককে ১০-১৫টি হাতবোমা এবং নগদ সাড়ে সাত হাজার টাকাসহ আটক করি। এতে কেউ আহত হয়নি। তিনি আরো জানান, আটক যুবক ১০ হাজার টাকার বিনিময়ে প্রিজনভ্যান লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছিল। আটক ওই যুবককে টঙ্গী থানায় সোপর্দ করা হয়েছে।এদিকে ব্যস্ততম কলেজ গেট এলাকায় পরপর দুটি হাতবোমা বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ ছুটে গিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে। আমিনুল ইসলাম/এমএএস/জেআইএম