দেশে রফতানিমুখী প্রায় ১৫০০ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, রানা প্লাজা ট্রাজেডি এবং তাজরীন ফ্যাশন কারখানার অগ্নিকাণ্ডের পরও আমাদের তৈরি পোশাক শিল্প উদ্যোক্তারা দমে যাননি। বরং নতুন নতুন রফতানিমুখী অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে।তিনি বলেন, বাংলাদেশ অপার সম্ভবনার দেশ। এদেশের বিশাল জনসংখ্যা, সস্তা শ্রমশক্তি এবং অভ্যন্তরীণ বিশাল বাজার শিল্পায়নের জন্য তুলনামূলক সুবিধা বাড়িয়ে দিয়েছে। তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক সুবিধার কারণে চীনসহ অন্যান্য দেশগুলোর তৈরি পোশাক কারখানা বাংলাদেশে স্থানান্তর হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ফতুল্লার শিহাচর লালখাঁয় অবস্থিত রফতানিমুখী প্রতিষ্ঠান হৃদয় গ্রুপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।তিনি বলেন, গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শিল্পখাত। এক সময় গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের জন্য বাংলাদেশের জন্য আমদানি নির্ভর থাকলেও বর্তমানে এখাতে উৎপাদিত পণ্য অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি হচ্ছে। আর এমজি খাতে আমাদের রফতানির সক্ষমতা দিন দিন বাড়ছে। দেশে ইতোমধ্যে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিংখাতে রফতানিমুখী প্রায় ১৫০০ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। হৃদয় গ্রুপ এই শিল্পখাতে নতুন সংযোজন। এ সময় উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম জহিরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি কামাল উদ্দিন, শ্রমিক লীগ নেতা কাউছার আহমেদ পলাশ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, হৃদয় গ্রপের ব্যবস্থাপনা পরিচালক তৈয়বুর রহমান প্রমুখ। মো: শাহাদাত হোসেন/এএম/আরআইপি