স্বামী সংসার নিয়ে সুখে আছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আয়েশা আক্তার দিনা।
বিয়ের এক সপ্তাহ পর দিনা তার নতুন স্বামী সায়েম প্রধানের সঙ্গে তোলা ছবি ফেসবুকে আপলোড করেছেন। গত ৯ মার্চ বিয়ে হলেও এই নিয়ে নানা কানাঘুষা ছিল। এর মধ্যে ১৬ মার্চ ছবি আপলোডের পর সব ধোঁয়াশা মিটে যায়।
বিয়ে নিয়ে কাউন্সিলর দিনা ফেসবুকে লিখেছেন, ‘গত ৯ মার্চ বার্মাশিল নিবাসী মরহুম মোহসিন সাহেবের কনিষ্ঠ ছেলে সায়েম প্রধানের সঙ্গে উভয় পক্ষের পারিবারিক সম্মতিতে আমাদের বিয়ে হয়। হঠাৎ করে বিয়ে হওয়ায় কাউকে জানাতে পারিনি। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবার কাছে অনুরোধ রইল দয়া করে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রকার সমালোচনা করবেন না।’
তিনি আরও লেখেন, ‘আমি একজন নির্বাচিত কাউন্সিলর হিসেবে এলাকায় কতটুকু কাজ করছি তার ভালোমন্দ যাচাই করুন। কাজের ক্ষেত্রে কোনো ভুলত্রুটি হলে তার সমালোচনা করুন। কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে দয়া করে বিভ্রান্তিমূলক কিছু কেউ করবেন না। আমাদের দুজনের পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে। সুতরাং আমাদের বিবাহিত জীবন নিয়ে কোনো নাটক করার চেষ্টা দয়া করে কেউ করবেন না। মন চাইলে কেউ দোয়া করবেন। কিন্তু মিথ্যা সমালোচনা নয়। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন- এই দোয়া করি।’
খোঁজ নিয়ে জানা গেছে, আয়েশা সাখাওয়াত দিনার প্রথম স্বামীর নাম মিন্টু। তার সঙ্গে প্রায় এক যুগের বিবাহ বিচ্ছেদের পর সেলিম নামের একজনের সঙ্গে তার বিয়ে হয়। সেটাও ছাড়াছাড়ি হয়। এরই মধ্যে কয়েকজন বিএনপি নেতার সঙ্গেও দিনার সখ্যতার খবর রটেছে।
এরপর গত সপ্তাহে দিনার সঙ্গে সায়েম প্রধানের বিয়ে সম্পন্ন হয়েছে। সায়েম প্রধান আলোচিত সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলার স্বামী ছিলেন। নীলা সাত খুনের পর প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অনেক তথ্যও দেন।
এদিকে নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি নূর হোসেনের সাবেক গার্লফ্রেন্ড জান্নাতুল ফেরদৌস নীলা যেন এখন দু-কূল হারাতে বসেছেন।
সাবেক স্বামী সায়েম প্রধানের সঙ্গে তালাক হয়ে গেছে। এর মধ্যে শেষ ভরসা ছিল নূর হোসেন। নূর হোসেনের ফাঁসির রায় হয়েছে গত ১৬ জানুয়ারি।
নূরের রায়ের পর নীলা বলেছিলেন, ওর (নূর হোসেনের) কারণেই আমাকে জেল খাটতে হয়েছে। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ওরা অপরাধ করার কারণেই ওদের ফাঁসি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নীলা নূর হোসেনের সহযোগিতায় ২০১১ সালের ৩০ অক্টোবর নাসিকের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন। এরপর থেকেই ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে আলোচনায় আসেন তিনি।
এরপর নীলাকে ২৭ লাখ টাকা দিয়ে একটি টয়োটা প্রিমিও গাড়ি কিনে দিয়েছিলেন নূর হোসেন। বাড়িতে দিয়েছেন দামি আসবাবপত্র। নূর হোসেনের স্ত্রী পরিচয়ে বিভিন্ন মহলে প্রভাব বিস্তার করতেন তিনি। কেন্দ্রীয় বেশ কয়েকজন রাজনীতিক নেতা এবং প্রশাসনের অনেক কর্তাব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন নীলা।
এ সময় নীলাকে অনেক বেশি মূল্যায়ন করতেন নূর হোসেন। তাদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা ও সমালোচনা ছিল ব্যাপক। কিন্তু যে যাই বলত তেমন একটা গায়ে মাখেননি নূর ও নীলা।
এক সময় স্বামী সায়েম প্রধানকে ছেড়ে নূর হোসেনের কব্জায় চলে যান নীলা। স্বাভাবিকভাবেই তারা একসঙ্গে ঘুরে বেরিয়েছেন দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে।
কিন্তু এক সময় তাদের সেই সম্পর্কে ফাটল ধরে। এ নিয়ে স্বামী সায়েমের সঙ্গে বিরোধ দেখা দিলে ২০১৩ সালের ২৫ জুন সায়েমের সঙ্গে নীলার তালাক হয়।
সাত খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২০১৪ সালের ১৮ মে নীলাকে আটক করে পুলিশ। তবে পরদিনই তাকে ছেড়ে দেয়া হয়। ২০১৩ সালের ২৬ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি থেকে জুয়েল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই ঘটনায় এক আসামি ১৬৪ ধারায় আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার সঙ্গে নীলার জড়িত থাকার কথা বলেন। এরই পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ২৬ মে পুলিশের হাতে গ্রেফতার হন নীলা।
প্রায় আড়াই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। তখন সায়েম প্রধান জানান, কারাভোগের সময় নীলা তার কাছে আবার ফিরে যাওয়ার আকুতি-মিনতি করলে সন্তানের দিকে তাকিয়ে তিনি মোটা অঙ্কের টাকা খরচ করে নীলাকে জামিনে বের করে আনেন।
কিছুদিন তার সঙ্গে ভালোভাবেই নীলার দিন কাটে। ২০১৪ সালে ঈদুল আজহার ছুটিতে নীলা ও সায়েমসহ পরিবারের লোকজনকে কক্সবাজারে অবকাশ কাটাতে দেখা গেছে। ওই সময় নীলার সঙ্গে সায়েমের ঘনিষ্ঠ ছবিও ফেসবুকে আপলোড করেন নীলা।
কিন্তু কিছুদিন আগে সায়েমের সঙ্গে আবারও নীলার বিরোধ দেখা দেয়। এরই জের ধরে ২০১৫ সালের ২৪ আগস্ট স্বামী সায়েমকে মারধর করে এবং ওই দিনই তাকে তালাক দেন নীলা।
তখন থেকেই নীলা একাকি জীবনযাপন করছেন। গত ২২ ডিসেম্বর নাসিক নির্বাচনে নীলা অংশ নিতে পারেননি। নির্ধারিত সময়ের পরে যাওয়ায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি তিনি।
এএম/জেআইএম