দেশজুড়ে

আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

পূর্ব শত্রুতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আশুগঞ্জ উপজেলার তারুয়া ও দক্ষিণ তারুয়া গ্রামের লোকজনদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সংঘর্ষে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় নিয়ে আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া শাহ ফরাসত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে স্থানীয় এলাকাবাসীর মতবিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি তারুয়া গ্রামের শাহ মফিজের সাথে পার্শ্ববর্তী দক্ষিণ তারুয়া গ্রামের আবুল বাশারের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে বুধবার সকালে তারুয়া গ্রামের লোকজন দক্ষিণ তারুয়া গ্রামের আবুল বাশারকে একা পেয়ে মারধর করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এসএস/এমএমসি/আরআইপি