ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নারায়ণগঞ্জে নিহত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বির বিরুদ্ধে হেফাজত নেতার মামলার পরবর্তী শুনানি ১৪ মে অনুষ্ঠিত হবে। অভিযোগের প্রতিবেদন দাখিলকৃত তদন্তকারী অফিসারের উপস্থিতিতে শুনানি হওয়ার কথা জানিয়েছেন আদালত।
রোববার সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
এদিন মামলার বাদী জেলা হেফাজতের সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান উপস্থিত থাকলেও বিবাদী রফিউর রাব্বি উপস্থিত ছিলেন না।
তার পক্ষে আইনজীবী হিসেবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট নেতা অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু ও জিয়াউল হক কাজল উপস্থিত ছিলেন।
অপরদিকে বাদী পক্ষে অ্যাডভোকেট সুলতান, হাসান ফেরদৌস জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, মামলার বাদীপক্ষের আইনজীবীরা আসামি রফিউর রাব্বীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আবেদন করেন এবং আসামিপক্ষের আইনজীবী রাব্বিকে নির্দোষ দাবি করেন। উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আগামী ১৪ মে শুনানির দিন ধার্য করেন আদালত।
রাব্বি নিহত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা। তিনি তেল গ্যাস খনিজ সম্পদ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার আহ্বায়ক। তিনি একই সঙ্গে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক।
গত ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা ফেরদাউসুর রহমান বাদী হয়ে রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আদালতে মামলা করেন।
ওই মামলা আদালত গ্রহণ করে ৭ মে এর মধ্যে প্রতিবেদন জমা দিতে ডিবিকে নির্দেশ দেন। তবে গত ৫ মে আদালতে প্রতিবেদন দাখিল করে ডিবি যে প্রতিবেদনে রাব্বির বক্তব্যের সত্যতা পাওয়া গেছে মর্মে উল্লেখ করা হয়।
মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম