দেশজুড়ে

অবশেষে কালীগঞ্জের সেই এসআই প্রত্যাহার

গাজীপুরের কাপাসিয়া থানার সেই উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহানকে মঙ্গলবার বিকেলে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার হারুন-অর-রশিদ তাকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকার খেটে খাওয়া নিরীহ লোকজনদের নানাভাবে গ্রেফতার বাণিজ্য ও হয়রানি করে আসছেন। এ নিয়ে গত সোমবার জাগো নিউজে খবর প্রকাশিত হয়েছিল। খবরটি গাজীপুর পুলিশ সুপার হারুন-অর-রশিদের নজরে আসলে তিনি মঙ্গলবার বিকেলে কাপাসিয়া থানার সেই এসআই মো. শাহজাহানকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জাগো নিউজকে জানান, প্রত্যাহারের নির্দেশ পাওয়ার পর তাকে তাৎক্ষণিক গাজীপুর পুলিশ লাইনে পাঠানো হয়েছে। কাপাসিয়া থানার পরিদর্শক (এসআই) মো. শাহজাহান প্রত্যাহার হওয়ার সত্যতা স্বীকার করেছেন।উল্লেখ্য, কাপাসিয়া থানার এসআই মো. শাহজাহানের বিরুদ্ধে কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের খেটে খাওয়া নিরীহ লোকজনদের নানাভাবে গ্রেফতারের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের অর্থ উৎকোচ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসীদের হয়রানি বন্ধ করতে গত রোববার কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে হাজার হাজার গ্রামবাসী বিক্ষোভ করেছেন।আব্দুর রহমান আরমান/এমজেড/আরআই