গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পল্লী বিদ্যুৎকর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ময়মনমিসংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ মাওনা জোনাল অফিসের সিনিয়র প্রকৌশলী হুমায়ুন কবির, জুনিয়র প্রকৌশলী হুমায়ুন কবির, প্রকৌশলী অ্যাডমিন ওয়াদুদুর রহমান, প্রকৌশলী অর্জুন কুমার, পরিদর্শক সুমন, ফখরুল, লাইন ম্যান তাইজ উদ্দিন, আসাদ, প্রবাল, শামীম, রুবেল, বাড়ির মালিক সাইফুল ইসলাম, ইউপি সদস্য আমিনুল ইসলামসহ কমপক্ষে ২০ জন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মাওনা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) কামাল পাশা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পল্লী বিদ্যুতের কর্মীরা বকেয়া বিদ্যুৎ আদায়ে অভিযানে যান। তারা উপজেলার চকপাড়া গ্রামের তোরাব আলীর ছেলে সাইফুল ইসলাম, কামরুজ্জামানের ছেলে শফিকুল ইসলাম ও জনৈক সাগর সরকারের বাড়িতে একত্রে প্রায় দেড় লাখ টাকা বকেয়া পরিশোধের অনুরোধ করেন। টাকা জোগাড়ের প্রতিশ্রুতি দিয়ে বিদ্যুৎকর্মীদের প্রায় একঘণ্টা বসিয়ে রাখা হয়। পরে বিদ্যুৎকর্মীরা তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পুনঃসংযোগ না দেয়ায় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তাদের ওপর হামলা করা হয়।
মাওনা ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম জানান, বিদ্যুৎকর্মীরা গ্রাহকদের কাছে বকেয়া বিলের অতিরিক্ত টাকা দাবি করেন। ওই টাকার রশিদ চাইলে গ্রাহকদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।
তিনি জানান, সংখ্যাগরিষ্ঠ বিদ্যুৎকর্মীরা বাড়ির মালিক সাইফুল ইসলামকে রড দিয়ে পিটিয়ে টেনে হিঁচড়ে তাদের গাড়িতে তোলার চেষ্টা করেন। পরে গ্রামাবাসী বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ ঠেকাতে গিয়ে তিনি নিজেও আহত হন। সবশেষে বিদ্যুৎকর্মীরা তাদের ভুলের জন্য গ্রামের গণ্যমান্য লোকদের কাছে ক্ষমা চেয়ে চলে যান।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর