দেশজুড়ে

ডিবি পরিচয়ে যুবককে তুলে নেয়ার অভিযোগ

যশোরের শার্শা থেকে হাতেম মোল্যা নামে এক যুবককে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে দ্বিতীয় দফায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে হাতেম মোল্যার স্ত্রী নাসিমা খাতুন বুলু এ অভিযোগ করেন।

হাতেমকে প্রথম দফায় গত ১০ মে বাড়ি থেকে তুলে নেয়ার পর নাসিমা খাতুন বুলু সংবাদ সম্মেলন করেন ১৮ মে। এরপর তাকে ছেড়ে দেয়া হলেও ২৯ মে আবারও তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। হাতেম মোল্যা যশোরের শার্শা উপজেলার অগ্রভুলট গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলন নাসিমা খাতুন বুলু অভিযোগ করেন, গত ১০ মে বিকেলে হাতেম মোল্যাকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে হাতে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর পরিবারের পক্ষ থেকে যশোর ডিবি অফিসে যোগাযোগ করা হয়। ডিবি পুলিশ শার্শা থানায় যোগাযোগ করতে বলে। শার্শা থানা থেকে তাদেরকে জানানো হয়, হাতেম ডিবি পুলিশের কাছে আছে, কয়েকদিন অপেক্ষা করলে পাওয়া যাবে। এরপর ১৮ মে হাতেম মোল্যার সন্ধান দাবিতে স্ত্রী নাসিমা যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এর পরদিন হাতেম মোল্যাকে ছেড়ে দেয়া হয়।

কিন্তু এরপর আবার ২৯ মে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়ি থেকে তাকে তুলে আনা হয়েছে বলে দাবি করেন নাসিমা খাতুন।

নাসিমা আরও অভিযোগ করেন, তুলে নিয়ে যাওয়ার পর তাকে বলেছে, স্বামীকে ছাড়িয়ে এনেছিস তা টাকা দিছিস? টাকা দিতে না পারায় তাকে আবার তুলে নিয়ে যাওয়া হয়েছে, এমন দাবি তার।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে যশোর ডিবি পুলিশের ওসি ইমাউল হক বলেন, হাতেম মোল্যা নামে কাউকে ডিবি পুলিশ আটক করেনি। এর আগেও ডিবি পুলিশ তাকে আটক করেছে, এমন কথা সত্য নয়।

মিলন রহমান/এএম/এমএস