দেশজুড়ে

স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রী রুমি আক্তারের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ওই স্কুলছাত্রীর মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, স্কুলছাত্রী রুমিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত রুমি আক্তার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের ইদ্রিস আলীর মেয়ে এবং উপজেলার রাইনাদী কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল রুমি আক্তার। একটি মোবাইল ফোনের কল পেয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। বুধবার বিকেলে রুমির মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শরীরে থাকা কাপড় ছিল গলায় পেঁচানো। ধারণা করা হচ্ছে- ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি