সিদ্ধিরগঞ্জে একদিনে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করায় ২ জনের ও সড়ক দুর্ঘটনায় নিহত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলাম জানান, রাশিদা আক্তার রাবেয়া (১৯) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিববারিক কলহের জের ধরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে ধারণা এলাকাবাসী ও পুলিশের।
শনিবার দুপুর ১২টায় তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। রাশিদা আক্তার রাবেয়ার স্বামীর নাম আব্দুল মালেক। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার নয়াকান্দি গ্রামে। তারা সিদ্ধিরগঞ্জের নতুন আইল পাড়া মোজাম্মেল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার স্বামী আব্দুল মালেক ঢাকার গুলিস্তান ফুটপাতে হকারী করে।
অপরদিকে শনিবার সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বসুহাজী মার্কেট এলাকার বসির উদ্দিনের বাড়ি থেকে বিল্লাল হোসেন (২৭) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর হোসেন।
পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ। তার পিতার নাম মো. রুহুল আমিন মুন্সী। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার পানিপাড়া এলাকায়।
এদিকে শনিবার সকাল ১০টার দিকে শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কের চৌধুরী বাসষ্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় রহিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন।
তার স্বামীর নাম মৃত নীল মিয়া। তার বাড়ি বি-বাড়িয়া জেলার নবীনগর থানার মিরগঞ্জ এলাকায়। তিনি ডিএমপি ঢাকার বনশ্রী এলাকায় থাকতেন। তিনি সিদ্ধিরগঞ্জের চৌধরীবাড়ি তাতখানা এলাকায় তার ছেলের বাসায় বেড়াতে আসছিলেন বলে পুলিশ জানায়।
হোসেন চিশতী সিপলু/এফএ/আরআইপি