দেশজুড়ে

শীতলক্ষ্যায় উদ্ধার তৎপরতা দেখালো ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে প্রায়ই ঘটে নৌকাডুবির ঘটনা। এসব নৌকাডুবিতে প্রাণ যায় অনেকের, ঘটে হতাহতের ঘটনা। নৌকাডুবিতে কী করণীয় তাৎক্ষণিক তা দেখাতে রোববার ১৮ জুন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজন করে এক ব্যতিক্রমধর্মী মহড়া।

শহরের হাজীগঞ্জ খেয়াঘাট থেকে নবীগঞ্জ ঘাটে শীতলক্ষ্যা নদীতে ওই মহড়ার আয়োজন করা হয়। এতে দেখানো হয় যাত্রীবোঝাই একটি নৌকা নদীতে অপর একটি নৌযানের ধাক্কায় ডুবে যায়।

ঘটনার ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। কয়েকজন সাঁতরে তীরে পৌঁছাতে পারলেও বাকিদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। পরে গুরুতর আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠানো হয়। তবে এতে কেউ নিখোঁজ কিংবা মারা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন বলেন, হাজীগঞ্জ খেয়া ঘাটে প্রায় রাতে যাত্রীবাহী নৌডুবির ঘটনা ঘটে। অনেক সময় মানুষ তীরে উঠতে পারলেও অনেকেই পানিতে তলিয়ে যায়। তাই মানুষকে সচেতন করার জন্য এ আয়োজন করা হয়েছে। এতে বুঝানো হয়েছে নদীতে নৌকা ডুবে গেলে তীরের থাকা মানুষ ফায়ার সার্ভিসকে জানাবে, কিভাবে নদী থেকে মানুষকে উদ্ধার করা হবে এবং নদীতে থাকা অবস্থায় কি করণীয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক মো. মামুনর রশিদসহ বন্দর, হাজীগঞ্জ, নারায়ণগঞ্জ নদী ও ঢাকা সদর ঘাট নদী ইউনিটের ৩৫ জন কর্মকর্তা।

মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি