কুমিল্লার নাঙ্গলকোটে এক ভূমি কর্মকর্তাকে ঘুষসহ আটক করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। আটক জসিম উদ্দিন ভুঁইয়া (৫০) নাঙ্গলকোট উপজেলার আশারকোটা ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা। রোববার বিকালে তাকে অফিস থেকে আটক করা হয়। দুদক কুমিল্লার উপ-পরিচালক সৈয়দ মো. শহিদুল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।দুদক ও স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার আশারকোটা ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন ভুঁইয়া দীর্ঘদিন ধরে ঘুষের বিনিময়ে কাজ করছিলেন। এ নিয়ে ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বিভিন্ন দফতরে অভিযোগ দেয় স্থানীয়রা।অভিযোগের প্রেক্ষিতে ওই ভূমি কর্মকর্তাকে ধরার জন্য ফাঁদ তৈরি করে দুদক কর্মকর্তারা। আর এরই প্রেক্ষিতে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ওই ভূমি কর্মকর্তার কর্মস্থলে গিয়ে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লার উপ-পরিচালক সৈয়দ মো.শহিদুল্লাহর নেতৃত্বে একটি টিম তাকে আটক করে।দুদক কুমিল্লার উপ-পরিচালক সৈয়দ মো.শহিদুল্লাহ জানান, চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব কৃষ্ণ শ্রীপুর গ্রামের মৃত. মাহবুবুর রহমান ভূঁইয়ার ছেলে ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন ভুঁইয়াকে ঘুষসহ আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রোববার সন্ধ্যায় ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় মামলা করা হয়েছে।কামাল উদ্দিন/এআরএ/আরআই