কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষকদের পদোন্নতি নীতিমালা ও শিক্ষা ছুটি নীতিমালা ৫৫তম সিন্ডিকেট সভায় অনুমোদন না হওয়ায় শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেয়। আজ সোমবার ক্লাস বর্জনের দ্বিতীয় দিন চলছে। এর আগে শনিবার সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেয়া হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পদোন্নতি নীতিমালা ও শিক্ষাছুটি নীতিমালা সিন্ডিকেট সভায় অনুমোদন না হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জরুরি সভায় রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আসছেন। তবে সব ধরনের পরীক্ষা এ কর্মসূচির আওতামুক্ত রয়েছে বলেও তিনি জানান। এ বিষয়ে সোমবার দুপুরে কুবির রেজিষ্ট্রার মো. মজিবুর রহমান মজুদার জাগো নিউজকে জানান, আগামী ২০ জুন কুবির সিন্ডিকেট সভায় শিক্ষকদের দাবিসমূহ উপস্থাপন করা হবে। ওই সভায় শিক্ষকদের দাবিগুলো অনুমোদন পাবে বলে আশা করছি। তিনি আরো জানান, শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষকদের চলমান কর্মসূচি প্রত্যাহার করতে শিক্ষক নেতাদের সাথে কুবি প্রশাসনের আলাপ-আলোচনা চলছে। শিগগিরই বিষয়টি সমাধান হবে বলে তিনি জানান। মো. কামাল উদ্দিন/এসএস/পিআর