দেশজুড়ে

অপহৃত দুই সিঙ্গাপুর প্রবাসীকে ৭ ঘণ্টা পর উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত দুই সিঙ্গাপুর প্রবাসী আব্দুর সাত্তার (৩০) ও আনোয়ার হোসেনকে (৩১) সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করেছে র‍্যাব-১১। অপহরণের ৭ ঘণ্টা পর রোববার রাতে ওই দু`জনকে উদ্ধার করা হয়। সোমবার বিকেলে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।উদ্ধারকৃত আবদুস সাত্তার কুমিল্লার হোমনা থানার শ্রীরমদ্দী গ্রামের আব্দুল খালেকের ছেলে ও আনোয়ার হোসেন একই গ্রামের শমসের আলীর ছেলে।বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর এএসপি আলেপউদ্দিন জানান, রোববার বিকেল ৪টায় আব্দুল সাত্তার ও আনোয়ার হোসেনকে কুমিল্লার হোমনা যাওয়ার পথে শিমরাইল এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে তাদের স্বজনদের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর অপহৃত আব্দুর সাত্তারের বড় ভাই আব্দুল মতিন ও তার বেয়াই সোহেল আহম্মেদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেন। এরপর তারা রাতেই র‍্যাব-১১ এর ক্যাম্পে গিয়ে অভিযোগ দেন।র‍্যাব সদস্যরা মোবাইল ট্র্যাকিং করে সোনারগাঁয়ের কাঁচপুরে অভিযান চালায়। এ সময় অপহরণকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে কাঁচপুর বাসস্ট্যান্ডে অপহৃতদের ফেলে রেখে পালিয়ে যায়।উদ্ধারের পর অপহৃতরা র‍্যাবকে জানায়, অপহরণকারীদের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিলো। এজন্য তাদের চেনা সম্ভব হয়নি।শাহাদাৎ হোসেন/এআরএ/আরআই