রাজনীতি

আইনজীবীদের লক্ষ্য অর্জনে চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরকার : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনজীবীদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাসহ আইনজীবীদের লক্ষ্য অর্জনে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরকার। সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্তরিকতায় আদালতের অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছে। বিচার বিভাগ ডিজিটালাইজেশন করতে সরকার কাজ করছে।  বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।আইনজীবীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, `মামলা পরিচালনা ও বিচার ব্যবস্থায় আপনাদের প্রতিযোগিতা থাকতে হয়। বিচার ব্যবস্থায় আপনাদের প্রচেষ্টায় ন্যায় বিচার সম্ভব। আইনজীবীদের দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আইন পোশাকে মহান পেশা হিসেবে সৃষ্টি করতে হবে।`এ সময় মন্ত্রী আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন প্রসঙ্গে বলেন, যারা আইনজীবীদের স্বার্থ দেখবে এবং আইনজীবীদের স্বার্থের পাশাপাশি দেশের স্বার্থ দেখবে আপনারা তাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন।নারায়ণগঞ্জ জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত পৃথকীকরণের বিষয়ে তিনি বলেন, দু`টি আদালত এক সঙ্গে থাকা উচিত। যে সমস্যাটা হয়েছে, এটা আমি জানতাম না, তাই এর সমাধান করার জন্য আমাকে সময় দিতে হবে। এখানে স্থান নিয়ে যে জটিলতা রয়েছে, সেটা যদি এখানকার এমপিরা সমাধান করেন তাহলে আমি দু’টি আদালত এক স্থানে আনতে বাকি কাজ সমাধান করে দেব।এর আগে এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত দুই কিলোমিটার দূরে হলে সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হবে। তাই দু`টি আদালত এক করার অনুরোধ জানাই।বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আমিনুল হক, জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট এটি ফজলে রাব্বি প্রমুখ। শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর