নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরের চাঞ্চল্যকর স্কুলছাত্র আরাফাত রহমান সিয়াম আহমেদ (১০) হত্যা মামলার প্রধান আসামি মেহেদি হাসান মন্ডলকে আবারো গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, সিয়াম হত্যা মামলায় মেহেদির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি মিথ্যা জন্ম সনদের মাধ্যমে কিশোর দেখিয়ে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল মেহেদি হাসান মন্ডল। তার ওই জন্ম সনদটি ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদে যাচাই করা হলেও সেটি রেজিস্ট্রারে লিপিবদ্ধ পাওয়া যায়নি। পরে উচ্চ আদালত তার জামিন বাতিল করে।উল্লেখ্য, কবুতর কেনার টাকা না দেয়ায় ২০১৩ সালের ২২ নভেম্বর মাসদাইরে আদর্শ স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র আরাফাত হোসেন সিয়ামকে ডেকে নিয়ে হত্যা করে মেহেদি মন্ডল। ২৩ নভেম্বর সিয়ামের বস্তাবন্দী মরদেহ মুন্সিগঞ্জের শান্তিনগর এলাকা থেকে উদ্ধার করা হয়। সিয়াম মাসদাইর এলাকার মোস্তফা মাতবরের ছেলে।গত ৬ এপ্রিল সিয়াম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়। ওই দিন মেহেদি হাসান মন্ডলের মা মেরিনা মন্ডল আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ মামলার আসামি মেহেদী মন্ডল, ফারুক মন্ডল ও আসলাম জামিনে ছিল।মো. শাহাদাৎ হোসেন/এসএস/আরআই