দেশজুড়ে

যশোরে ৩ বস্তা হাতবোমা উদ্ধার

যশোর শহরের খড়কি এলাকার একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় অর্ধশত হাতবোমা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে যশোর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে এই হাতবোমা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ওসি একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের খড়কি এমএম কলেজ দক্ষিণগেট এলাকার মাহাবুব স্যারের বাড়ির মধ্যে ভবনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় তিন বস্তা হাতবোমা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে খবর ছিল সন্ত্রাসীরা সেখানে অবস্থান করছে। রাত পৌনে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তার মধ্যে রাখা হাতবোমাগুলো উদ্ধার করা হয়। এতে আনুমানিক অর্ধশত হাতবোমা রয়েছে।

মিলন রহমান/এএম/আইআই