কক্সবাজার সদরের খুরুশকুলে ট্রলার নির্মাণে অবৈধভাবে মজুদ করা ৩৪৭ সিএফটি বিভিন্ন প্রজাতির মূল্যবান কাঠ জব্দ করেছে র্যাব।
খুরুশকুল ব্রিজের পাশের এলাকায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। জব্দ কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ লাখ টাকা।
র্যাবের কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, কিছু চোরাকারবারী সরকারি বন থেকে অবৈধভাবে সংগ্রহ করা চোরাই কাঠ মজুদ করে রাখার খবরে খুরুসকুল ব্রিজের খেলার মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিশেষ অভিযানে বিভিন্ন প্রজাতির প্রায় ৩৪৭ সিএফটি কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠের বাজার মূল্য আনুমানিক ২১ লাখ টাকা।
অভিযানকালে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. আলী কবীরসহ বন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জব্দ করা কাঠ কক্সবাজার রেঞ্জ অফিসের হেফাজতে রাখা হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/আইআই