কক্সবাজারের উখিয়ার চাকবৈঠা গ্রামের শীর্ষ মানবপাচারকারী হিসেবে অভিযুক্ত ফিরোজ আহমদকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাত ১২টার দিকে উখিয়া স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম খান। পুলিশ সূত্রে জানা যায়, রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সৈয়দ আকবরের ছেলে ডজন মামলার পলাতক আসামি ফিরোজ আহমদ। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন ও অপহরণসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া গয়ালমারা গ্রামের চিহ্নিত মানবপাচারকারী আনোয়ারের অন্যতম সহযোগী হিসেবে ফিরোজ আহমদ সম্প্রতি সাগরপথে মানব ও ইয়াবা পাচারে জড়িয়ে পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকায় শীর্ষ মানবপাচারকারী হিসেবে তার নাম রয়েছে। এছাড়াও ফিরোজ ২০০০ সালের মাঝামাঝি সবার সামনে তার মাকে গুলি করে হত্যা করে। এসব বিষয় নিয়ে তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সায়ীদ আলমগীর/এসএস/পিআর