জাতীয়

এ যেন এক অচেনা টিএসসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বরটি বছরের অন্যান্য দিনগুলোতে রাত ১০টা পর্যন্ত ছাত্রছাত্রী ও বহিরাগতদের পদচারণায় মুখরিত থাকলেও বছরের শেষ দিনে রাত ৮টা না বাজতেই বিরাণভূমিতে পরিণত হয়েছে।

টিএসসির গোলচত্বরে দাঁড়িয়ে চারদিকে তাকাতেই সবদিকের রাস্তাঘাটে সুনসান নীরবতা। পুলিশের জলকামান ও টহল গাড়ি দ্রুত এদিক-সেদিক ছোটাছুটি করছে। খুবই সীমিত সংখ্যক লোকজন বিচ্ছিন্নভাবে হাঁটাচলা করছে।

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে শাহবাগ, দোয়েল চত্বর, পলাশী ও নীলক্ষেতের রাস্তা ৮টার আগেই বন্ধ করে দেয়া হয়েছে। টিএসসি সংলগ্ন ডাচ ক্যান্টিনটি সাড়ে ৮টায় খোলা দেখে পুলিশ হ্যান্ডমাইকে দোকান বন্ধ করার নির্দেশ দেয়।

পুলিশ কর্মকর্তারা জানালেন বাইরের কেউ থাকতে পারবে না। টিএসসিতে থাকতে হলে আইডি কার্ড দেখাতে হবে। এ অবস্থা দেখে সবাই বলছিল এ যেন আমাদের পরিচিত টিএসসি নয়, অচেনা জায়গা।

এমইউ/এনএফ/জেআইএম