দেশজুড়ে

কালীগঞ্জে ব্যবসায়ী হত্যা : রিমান্ড শেষে আদালতে পরিকল্পনাকারী

গাজীপুরের কালীগঞ্জে ব্যবসায়ী সাইকুল ইসলাম (৪৫) হত্যার মূল পরিকল্পনাকারী মো. জালাল উদ্দিন জালুকে (৫২) রিমান্ড শেষে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে প্রেরণ করা হয়।

নিহত সাইকুল কালীগঞ্জ পৌর এলাকার বড়নগর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয়ভাবে তাঁত ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অন্যদিকে আটক জালু বড়নগর গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে।

এর আগে ২৭ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে হত্যা মামলার ৩নং আসামি মো. আলামিনকে গ্রেফতার করা হয়। পরে তার জবানবন্দি অনুযায়ী ওইদিন রাত সাড়ে ৩টার দিকে মামলার মূল পরিকল্পনাকারী জালুকে কালীগঞ্জ পৌর এলাকার বড়নগর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়। সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জালুর ৭ দিন রিমান্ড আবেদন করেন। কিন্তু আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে বৃৃহস্পতিবার দুপুরে তাকে পুরনায় গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

স্থানীয় একটি সূত্র জানায়, প্রবাসী আজিজুল্লাহ’র হুকুমেই একাধিকবার জালাল উদ্দিন জালু হত্যার পরিকল্পনা করে এবং সেভাবেই পূর্ব পরিকল্পিতভাবে ব্যবসায়ী সাইকুলের ওপর অতর্কিতে হামলা চালায়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলাল উদ্দিন জানান, আদালত জালুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কিন্তু জালু শারীরিকভাবে অসুস্থ থাকায় জিজ্ঞাসাবাদ করা যায়নি। পুরনায় ৭ দিনের রিমান্ডের আবেদন করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসের ৭ তারিখে রাত হাত-পা বাঁধা আহত অবস্থায় ব্যবসায়ী সাইকুলকে বড়নগর রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।

সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন (শুত্রবার) রাতে তিনি মৃত্যুবরণ করেন। ৯ ডিসেম্বর নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে বড়নগর গ্রামের মৃত নৈমুদ্দির ছেলে প্রবাসী আজিজুল্লাহ (৫৫) ও তার ছেলে আরিফ (৩০), হযরত আলীর ছেলে মো. আলামিন (৩৫), আহসান উল্লাহর ছেলে আসাদুল্লাহ (৩০), বালীগাঁও গ্রামের আব্দুল মোতালিবের ছেলে মো. আবু নাইম (৩৫), চৌড়া গ্রামের মৃত ছদুরউদ্দিনের ছেলে মো. জুলহাস মিয়া (৫৫), মৃত মোসলে উদ্দিনের ছেলে মো. কবির হোসেনকে (৪৫) আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

আব্দুর রহমান আরমান/এএম/জেআইএম