দেশজুড়ে

তৈমুরকে গ্রেফতার : নারায়ণগঞ্জ মহিলা দলের প্রতিবাদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জেলা ও মহানগর মহিলা দল। অবিলম্বে তৈমুর আলম খন্দকারের নিঃশর্ত মুক্তির দাবিও জানান তারা।

জেলা মহিলা দলের আহ্বায়ক নুরুন্নাহার আক্তার ও মহানগর মহিলা দলের সদস্য সচিব কাউন্সিলর আয়শা আক্তার দিনার স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে জানিয়েছেন, তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ জেলা বিএনপির একজন অভিভাবক। তিনি নারায়ণগঞ্জ বিএনপির নিবেদিত প্রাণ। বিশেষ করে মহিলা দলের নেতাদের সব সময় খোঁজখবর রাখেন। তাই স্পষ্ট ভাষায় বলতে চাই পুলিশ অতি-উৎসাহিত হয়ে তৈমুর আলম খন্দকারকে গ্রেফতার করে প্রমাণ করল সরকার দলের নেতাদের ইশারায় পুলিশ বিএনপির উপর অমানবিক নির্যাতন করে।

প্রতিবাদ লিপিতে আরো স্বাক্ষর করেন, জেলা মহিলা দলের সদস্য সচিব পারভীন আক্তার, মহানগর মহিলা দলের আহ্বায়ক রাশিদা জামাল, জেলা মহিলা দলের নেত্রী নাসরিন হাসান, মহানগর মহিলা দলের নেত্রী সাজেদা খাতুন মিতা, মহিলা নেত্রী রুমা আক্তার, হাজেরা মঞ্জিল, রোকসানা বেগম, রেহেনা বেগম, ডলি আহম্মেদ ও বিনু আক্তার প্রমুখ।

শাহাদাৎ হোসেন/এফএ/জেআইএম