ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১০ পিস (এক কেজি ২শ গ্রাম) স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার দুপুরে বিজিবি সদস্যরা পুটখালী বটতলা নামক স্থান থেকে মনিরুল ইসলামকে আটক করে। আটক মনিরুল ইসলাম পুটখালী গ্রামের সাবুর আলীর ছেলে।
২১ বিজিবি'র কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, এক স্বর্ণ চোরাকারবারী ভারতে পাচারের জন্য স্বর্ণের চালান নিয়ে পুটখালী সীমান্তের দিকে যাচ্ছে।
এ ধরনের সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে বিজিবি সদস্যরা পুটখালী বটতলা নামক স্থান থেকে মনিরুল ইসলামকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে।
মনিরুল এসময় মাঠে যাওয়ার ছদ্মবেশে মাজায় গামছা ও গায়ে গেঞ্জি ও হাতে কাস্তে নিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই সুজিত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক মনিরুলকে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে যশোর আদালতে সোপর্দ করা হবে।
জামাল হোসেন/এমএএস/পিআর