দেশজুড়ে

প্রয়োজনে নারায়ণগঞ্জের ৫ আসনেই জাপার প্রার্থী : এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। আমার শাসনামলে আমরা কোনো অন্যায় কাজ করি নাই। আমাদের গায়ে রক্তের দাগ নাই। জনগণের ভালোবাসা নিয়ে সামনের পথ চলতে চাই। আমি সারা জীবন মানুষের জন্য কাজ করতে চাই। মানুষের সেবা করে তাদের ভালোবাসা পেতে চাই।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুরে সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যবসা প্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের অভ্যন্তরে জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি সব সময় উন্নয়নের রাজনীতি করেছি। মানুষের জন্য কাজ করেছি। আগামী নির্বাচনে আমি প্রার্থী হই বা না হই নারায়ণগঞ্জে যাতে স্বাধীনতাবিরোধী শক্তির কেউ নির্বাচিত না হতে পারে তার জন্য প্রয়োজনে ৫টি আসনেই লাঙল প্রতীকের প্রার্থী দেয়া হবে। তখন দেখা যাবে জনগণের আস্থা কাদের ওপর। উন্নয়ন নাকি ভাওতাবাজির পক্ষে?

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহেরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, বগুড়া থেকে নির্বাচিত এমপি নুরুল ইসলাম ওমর, যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি, শফিকুল ইসলাম সেন্টু, নূর ইসলাম নুরু, গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক হাজী নাসির, সেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বেলাল হোসেন প্রমুখ।

শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি