দেশজুড়ে

নারায়ণগঞ্জে দুই জেএমবি সদস্যের ২০ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মো. আব্দুল হান্নান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকার মৃত কামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (৩৩) ও সোনারগাঁ উপজেলার কোনাবাড়ি এলাকার তাজুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম (৩১)।

নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন এ তথ্য নিশ্চিত করে জানান, র্যাবের একটি দল ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল জেলার বায়না বাইপাস সড়কে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জেএমবি সদস্য সাইফুলকে গ্রেফতার করে। পরে সাইফুলের দেয়া তথ্য অনুসারে তাকে নিয়ে র্যাব সদস্যরা ২০০৭ সালের ১ জানুয়ারি সোনাগাঁয়ের কোনাবাড়ি এলাকার মফিজুলের বাড়িতে অভিযান চালিয়ে ১৯টি দেশীয় হ্যান্ডগ্রেনেডের বডি, ৩১ প্যাকেট পাওয়ার জেল উদ্ধার করে। এ ঘটনায় সোনারগাঁও থানায় তখন বিস্ফোরক আইনে একটি মামলা হয়। এর মধ্যে টাঙ্গাইলের একটি মামলায় সাইফুলের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ নিয়ে চারটি মামলায় সাইফুলের সাজা হল।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস