নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্কুলছাত্রীকে (১২) ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে হানিফ মিয়া (৪৫) নামে এ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে গাজীপুর চৌরাস্তা এলাকার কলার আড়ৎ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হানিফ মিয়া ময়মনসিংহের নান্দাইল থানার কালিগঞ্জ বাজার এলাকার মৃত হাসু মিয়ার ছেলে। তিনি সপরিবারে ফতুল্লার কুতুবআইল হাজী সাইজুদ্দিন মাদরাসা সংলগ্ন এলাকার আবুল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তুষার কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা পোশাক কারখানায় চাকরি করেন আর বাবা দিনমজুর। তাদের পরিবারে দুটি মেয়ে রয়েছে। গত ২৩ এপ্রিল সকাল ৮টায় কিশোরীকে বাসায় একা রেখে তার মা ছোট বোনকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যান। সেই সুযোগে একই বাড়ির ভাড়াটিয়া হানিফ মিয়া মেয়েটিকে ডেকে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে কৌশলে হানিফ ঘর থেকে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। ঘটনার তিনদিন পর মেয়েটির মা বাদী হয়ে হানিফের বিরুদ্ধে মামলা করলে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে হানিফকে গ্রেফতার করা হয়।
শাহাদাত হোসেন/আরএআর/পিআর