নারায়ণগঞ্জের বন্দর নগরী এলাকায় পুকুরের পানিতে ডুবে সামির (৮) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অবচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে আহাদ উল্ল্যাহ আহাদ (১২) নামে অপর এক শিক্ষার্থীকে।
সোমবার বিকেল ৩টার দিকে অবচেতন অবস্থায় তাদের দু'জনকে উদ্ধার করা হয়। পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সামিরকে মৃত ঘোষণা করেন। অবচেতন অবস্থায় অপর শিক্ষার্থীকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সামির স্থানীয় একটি মাদরাসায় তৃতীয় শ্রেণিতে পড়াশুনা করতো। আহত অপর শিক্ষার্থী আহাদ ওই মাদরাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তারা বন্দর নগরীর বাহারপাড়া এলাকায় বসবাস করতো।
নিহতের নানা সাইফুল আলম বলেন, তারা দু'জন পুকুরে গোসল করতে গিয়েছিল। অনেক্ষণ ধরে তাদেরকে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করে পানিতে ভাসমান অবস্থায় খুঁজে পায় আহাদকে। পরে ডুবন্ত অবস্থায় পাওয়া যায় সামিরকে। পরে তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ মেডিকেল নিলে সামিরকে মৃত ঘোষণা করেন।
ঢামেকের ক্যাম্প পুলিশের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, নিহত সামিরকে নারায়ণগঞ্জ মেডিকেলে রাখা হয়েছে। আর আহাদকে ঢামেকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এসএইচ/এমআরএম/জেআইএম