দেশজুড়ে

সোনারগাঁয়ে মোহাম্মদ আলী হত্যাকাণ্ডে বাহাদুরের জবানবন্দি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বালু ভরাটকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের সভাপতি জাকির হোসেনের ভাগ্নে মোহাম্মদ আলী খুনের ঘটনায় বাহাউল হক বাহাদুর নামে আরও এক আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে বাহাউল হক বাহাদুরের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।

এর আগে মোহাম্মদ আলী হত্যা মামলায় গ্রেফতার আসামি বাহাদুরকে এক দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। রিমান্ড শেষে বাহাদুর এ স্বীকাররোক্তিমূলক জবানবন্দি দেয়।

ডিবি পুলিশের পরিদর্শক গিয়াসউদ্দীন জানান, বাহাউল হক বাহাদুর জবানবন্দিতে জানায়, সোনারগা উপজেলার পিরোজপুর ইউনিয়নের সাহাপুরে বালু ভরাটকে কেন্দ্র করে মোশারফ মেম্বারের নেতৃত্বে ১৮-২০ জন মিলে মোহাম্মদ আলীকে হত্যা করে। এ হত্যাকাণ্ডে বাহাউল হক বাহাদুরও অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, সোনারগাঁ উপজেলায় একটি কোম্পানির বালু ভরাট ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলতি বছরের ৩ জানুয়ারি সাহাপুর এলাকার আরজান মিয়ার ছেলে মোহাম্মদ আলীকে কুপিয়ে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেনসহ ১৫-২০ জনের একটি দল জড়িত। ওই দিন রাতেই হত্যার ঘটনায় ইউপি সদস্য মোশারফ হোসেনসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার তিন দিন পর নিহত মোহাম্মদ আলীর মা শিউলী বেগম বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি মামলা করেন। মামলাটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।

মো: শাহাদাত হোসেন/এএম/পিআর