দেশজুড়ে

গাজীপুরে জোড়া খুনের দায়ে মৃত্যুদণ্ড

গাজীপুরে জোড়া খুনের দায়ে বদরুল ইসলাম (২৬) একজনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন গাজীপুর জেলা জজ আদালতের বিচারক। বুধবার গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি ময়মনসিংহের গফরগাঁও থানার রৌহা কালিরহাট এলাকার।রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মামলা সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর বৌবাজার এলাকায় লতিফ গাজীর বাসায় ভাড়া থাকতেন ইসমাইল হোসেন। সেখানে তার শ্যালক বদরুল ইসলাম বেড়াতে আসে। ২০১০ সালের ১৫ জুন ভগ্নিপতি ইসমাইলের কাছে টাকা ধার চায় বদরুল। টাকা দিতে অস্বীকার করলে বদরুল ক্ষিপ্ত হয়ে ইসমাইলের বুকের বাম পাশে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় ইসমাইল ও তার মায়ের চিৎকার শুনে পার্শ্ববর্তী ঘরের ভাড়াটিয়া বেলাল ছুটে আসেন। এ সময় বেলালের বুকেও ছুরি দিয়ে আঘাত করে  বদরুল পালিয়ে যায়। ছুরিকাঘাতে ইসমাইল ও বেলাল ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে নিহত বেলালের ভাই ফজলু বাদি হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেন। পরদিন পুলিশ বদরুলকে তার গ্রামের বাড়ি গফরগাঁও থেকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিউর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মো. হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ম.হুমায়ুন কবির। আমিনুল ইসলাম/এসএস