নারায়ণগঞ্জের কাঁচপুর বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের ৭ হাজার ১৫০ কেজি বিদ্যুতের চোরাই ক্যাবল উদ্ধার করেছে র্যাব-১১। এ সময় রাজু আহমেদ ও ইবনে সাইদ নামে ক্যাবলস চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১১ এর অতিরিক্তি পুলিশ সুপার জসিম উদ্দিন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে সোনারগাঁও উপজেলার কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিসিক এলাকার জে কে ট্রেডার্স নামের প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ১৫০ কেজি ওজনের বিদ্যুতের চোরাই ক্যাবলসগুলো উদ্ধার করা হয়। এ চোরাই কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজু আহমেদ ও ইবনে সাইদকে গ্রেফতার করা হয়। র্যাবের উপস্থিততি টের পেয়ে চক্রের মূলহোতা ইসহাক মোল্লা পালিয়ে যায়। উদ্ধারকৃত চোরাই ক্যাবলসের মূল্য প্রায় ১ কোটি টাকা।
তাদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে ইসহাক মোল্লার নেতৃত্বে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি বিদ্যুতের ক্যাবলস অবৈধভাবে সংগ্রহ করে কাঁচপুর বিসিক শিল্প এলাকায় গোপনে মজুত করে আসছে। এই বিদ্যুতের ক্যাবলসগুলো মূলত সরকারি বিদ্যুৎ বিভাগের সম্পত্তি। নানাভাবে অবৈধ পন্থায় চোরাই চক্রের মাধ্যমে সরকারি ক্যাবলসগুলো সংগ্রহ করা হয়। এখানে বিদ্যুতের ক্যাবলসগুলো থেকে রাবারের কাভার খুলে কেটে সিলভার হিসেবে কেজি দরে বিভিন্ন কারখানায় বিক্রি করে দেয়া হয়। বিদ্যুতের সরকারি এই তারগুলো অবৈধভাবে বিক্রির পেছনে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা জড়িত থাকতে পারে বলে মনে করছে র্যাব।
জসিম উদ্দিন আরও জানান, এ চক্রের মূলহোতাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছি। এছাড়াও এর সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার কোন কর্মকর্তা জড়িত আছে কি-না সে বিষয়টি খতিয়ে দেখছি।
মো. শাহাদাত হোসেন/জেএইচ