ঢাকার ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান সোহরাবসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সূয়াপুর ইউনিয়ন পরিষদ এলাকায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হাফিজুর রহমান সোহরাবের সমর্থক সাকিম উদ্দিন বলেন, সকাল থেকে নির্বাচনী প্রচারণা চালছিল। বহরটি সূয়াপুর ইউনিয়ন সেতু এলাকায় গেলে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কফিল উদ্দিনের সমর্থকরা লাঠি, রড, কাঠের চলা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এতে সোহরাব হোসেনসহ ১০-১২ জন আহত হন।
পাল্টা অভিযোগ করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কফিল উদ্দিনের ছেলে হান্নান বলেন, সোহরাব চেয়ারম্যানের লোকজনই প্রথমে হামলা করে। এ সময় অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।
ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার বলেন, দুই প্রার্থীর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন করে আহত হয়েছেন বলে জানতে পেরেছি। অভিযোগ জানালে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ধামরাই নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, বিষয়টি শুনেছি। কিন্তু এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএইচ/জেআইএম