দেশজুড়ে

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো, লক্ষণপুর ইউনিয়নের খরখরিয়া গ্রামের আবু জাফর হিরণের ছেলে মোহাম্মদ সাইমন (৭) ও আবু ইউসুফ(৪)।

রোববার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খরখরিয়া গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নানা আবু মাসুদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু মাসুদ জানান, সকাল সাড়ে ১০টায় দুই ভাই একসঙ্গে বাড়িতে খেলা করছিল। সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় তারা। দীর্ঘ সময় পর পুকুরে ওদের মরদেহ ভাসতে দেখা যায়। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রিপন বালা জাগো নিউজকে বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে বিস্তারিত জানি না। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

জাহিদ পাটোয়ারী/এমএএইচ/