রাজশাহীর পুঠিয়ায় সাইদুর রহমান (৩৫) নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তিনি। তার নামে পুঠিয়া থানায় ৬টিসহ অন্যান্য থানা মিলিয়ে মোট ১১টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী হোসেন বলেন, নিহত সাইদুর উপজেলার বানেশ্বর ইউনিয়নের চিতলপুকুরিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে। গত শনিবার দিবাগত রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে নিহত সাইদুরের স্ত্রী রওশন আরা জানান, গতকাল রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে যান তার স্বামী। গরমের কারণে তিনি ছেলে-মেয়েকে নিয়ে ঘরের বাইরে বারান্দায় ঘুমান। ভোর রাতে সেহরি খাওয়ার জন্য উঠে দেখি, ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে তার স্বামী। পরে চিৎকার ও কান্না-কাটির শব্দে আশপাশের লোকজন এসে জড়ো হয়।
জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান বলেন, সাইদুর তেমন কাজকর্ম করতো না। গত কয়েকদিন আগেও জেল থেকে বের হয়েছে। তার নামে থানায় ১১টি মামলা রয়েছে। ঈদের পরে তার এক মামলায় ১০ বছরের মতো জেল হতে পারে বলেও শুনেছি তার ঘনিষ্ঠজনদের কাছে। এ নিয়েই হয়তোবা মানসিক দুশ্চিন্তায় ভুগছিলো। আর এই চাপ থেকেই হয়তো সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছি।
পুঠিয়া থানার ওসি বলেন, কী কারণে সাইদুর আত্মহত্যা করেছে তা পুরোপুরি স্পষ্ট নয়। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে জেল থেকে বের হওয়ার পর থেকে সে প্রচন্ড হতাশাগ্রস্ত ছিল বলে জানিয়েছে তার পরিবার। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ফয়সাল আহমেদ/এমআরএম