জাতীয়

মধ্যপ্রাচ্য সংকটে শাহ আমানতে আরও ৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই ও দোহা থেকে আসা দুটি আগমন (এরাইভাল) ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন এবং দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইটও বাতিল করা হয়েছে। এছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আসা দুটি আগমন এবং শারজাহগামী দুটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।

তবে সোমবার মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন এয়ারলাইনসের চারটি আগমন এবং তিনটি প্রস্থান ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র আরও জানায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি-চট্টগ্রাম রুটের ফ্লাইটগুলো পুনরায় স্থবির হয়ে পড়েছে।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরিস্থিতিতে সোমবারের আটটি ফ্লাইটসহ এখন পর্যন্ত মোট ১২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এমআরএএইচ/কেএইচকে