তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মাদকের সঙ্গে যদি কোনো নেতাকর্মীদের সম্পৃক্ততা থাকে তাকেও আইনের আওতায় আনতে হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
সোমবার (১৬ মার্চ) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তথ্যমন্ত্রী বলেন, মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ ও যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। মাদকের ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না।
এছাড়াও ঈদযাত্রায় যাতে যাত্রীদের ভোগান্তি না হয় সে জন্য গৌরনদী মডেল ও হাইওয়ে থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনসার উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা, মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, সাংবাদিক কাজী আল আমিন।
শাওন খান/কেএইচকে