কুমিল্লার চৌদ্দগ্রামে তেলের পাইপলাইনের গর্তে পড়ে ইসমাইল হোসেন নাঈম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম জ্বালানি তেলের পাইপ লাইনের দেড়কোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইসমাইল হোসেন নাঈম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের উত্তর পাড়ার ভুঁইয়া বাড়ির প্রবাসী খোকন ভুঁইয়ার ছেলে। সে দেড়কোটা নুরানি মাদরাসার ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটাসহ বিশাল একটি অংশজুড়ে জ্বালানি তেল পাইপলাইনের কাজ চলমান রয়েছে। পাইপগুলো ঢেকে দেওয়ার জন্য ফসলি জমি থেকে গভীর গর্ত করে মাটি তোলা হচ্ছে। প্রতিটি গর্ত প্রায় ৮-১০ ফুট পর্যন্ত গভীর। শিশু নাঈম কৌতূহলবশত পাইপলাইনের গর্তগুলো দেখতে গিয়ে পড়ে পানিতে ডুবে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
শিশু নাঈমের চাচা ফরিদ আহমেদ বলেন, দুপুর ১টায় আমার আরেক ভাতিজিসহ ইসমাইল ঘর থেকে বের হয়। কিছুক্ষণ পর ভাতিজি বাড়িতে এসে জানায় ইসমাইল গর্তে পড়ে গেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি মৃত অবস্থায় পড়ে আছে। পরে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।
জাতীয় তেল লাইনের কুমিল্লা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী জাকির হোসেন বলেন, নিয়ম অনুযায়ী পাইপলাইনের কাজ শুরু করার আগে বিশাল এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করার নিয়ম রয়েছে। যেন সে বেষ্টনীর ভেতরে সাধারণ মানুষ প্রবেশ করতে না পারে। পাইপ লাইনের পাশে যদি গর্ত করা হয়, তাহলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান গর্তগুলো ভরাট করে দিতে হবে। এটা জাতীয় তেল পাইপলাইনের নিয়ম। এতে কারো দায়িত্ব অবহেলা করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জাগো নিউজকে বলেন, শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম