বিনোদন

মারা গেলেন ড্রামার রুমি রহমান

বরেণ্য ড্রামার ও সংগীত পরিচালক রুমি রহমান মারা গেছেন। সোমবার (১১ জুলাই) সকাল ৫টা ৪০ মিনিটে ধানমন্ডির বাসায় ব্রেন স্ট্রোক করে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন আর্টসেল ব্যান্ডের কাজী ফয়সাল আহমেদ।

জানা গেছে, রুমি রহমানকে ঢাকায় দাফন করা হবে। পরিবারের লোকজন আজিমপুর ও বনানী কবরস্থান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। যে কোনো এক জায়গায় তার কবর দেওয়া হবে।

নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের ব্যান্ডসংগীতে যুক্ত ছিলেন রুমি রহমান। দলছুট থেকে আর্ক- দেশের প্রায় সবগুলো উল্লেখযোগ্য ব্যান্ডের সঙ্গেই বাজিয়েছেন রুমি। দেশের শীর্ষ ড্রামারদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।

ব্যান্ড ইতিহাসের অনেক ঐতিহাসিক অ্যালবামের সঙ্গে জড়িত ছিলেন ড্রামার রুমি। লেজেন্ড ব্যান্ডের প্রথম ও একমাত্র অ্যালবাম ‘অন্যভুবন’, দলছুটের ‘আকাশচুরি’, অর্থহীনের প্রথম অ্যালবাম ‘ত্রিমাত্রিক’, দ্য ট্র্যাপের ‘ঠিকানা’সহ এমন অনেক রেকর্ডেড অ্যালবামে রুমি রহমানের ছিল সরাসরি অংশগ্রহণ।

২০২০ সালের ৩ মার্চ সংগীতশিল্পী বর্ষা চৌধুরীকে বিয়ে করেন রুমি রহমান। এর আগে অভিনয়শিল্পী তাজিন আহমেদের সঙ্গে বিয়ে হয়েছিল রুমির।

এমআই/জেআইএম