রাজশাহীর পুঠিয়ায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে ফারুক হোসেন (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন উপজেলার জিউপাড়া ইউনিয়নের গাঁওপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
জিউপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ছাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে মাঠে ধান রোপণের জন্য জমি প্রস্তুত করছিলেন ফারুক হোসেন। এ সময় বৃষ্টিপাত শুরু হয়। একপর্যায়ে সেখানে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় পরিবারের লোকজন তাকে মাঠে খুঁজতে গিয়ে দেখেন জমিতে মরদেহ পড়ে আছে। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়। সন্ধ্যা ৬টার দিকে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরদেহ দাফন করা হয়।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। সন্ধ্যার দিকে পারিবারিকভাবে তার মরদেহ দাফন করা হয়েছে বলে শুনেছি।
এনায়েত করিম/এসআর/এএসএম