শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন রাজধানীর সব বাজারগুলোতেই ক্রেতাদের অতিরিক্ত ভিড় থাকে। অন্যান্য দিনের চেয়ে এদিন পণ্যের চাহিদা বেশি থাকায় একটু বেশি দাম হাকান বিক্রেতারা। সরেজমিনে রাজধানীর মগবাজার রেলগেট বাজার ঘুরে দেখা গেল, কয়েকটি পণ্যের মূল্য কেজি প্রতি ২-৫ টাকা বৃদ্ধি পেলেও বেশিভাগের মূল্য ছিল অপরিবর্তিত। এই বাজারের বিক্রেতারা বাজারকে ‘স্থিতিশীল’ বলেই দাবি করলেন। মগবাজার রেলগেট বাজারে প্রতিকেজি লম্বা বেগুন ৩৮ থেকে ৪০ টাকায়, গোল বেগুন ৩৪ থেকে ৩৬ টাকায়, ছোট আলু ১৮ টাকায়, বড় আলু ১৮ থেকে ২০ টাকায়, লাল আলু ৩০ টাকায়, করলা ৭০-৭৬ টাকায়, শিম ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হয়েছে। তাছাড়া বাজারে বড় আকারের মিষ্টি কুমড়া প্রতি টুকরা ২৫ থেকে ৩০ টাকায়, জালি কুমড়া ৩৬ থেকে ৪০ টাকায়, বাঁধাকপি ২২ থেকে ২৫ টাকায়, ফুলকপি ২০ থেকে ২৫ টাকায়, কাঁচ কলা প্রতি হালি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হয়েছে। প্রায় অপরিবর্তিত ছিল লেবু, শসা, টমেটো, গাজর, ধনিয়াপাতা, মরিচ ইত্যাদির দাম। শুক্রবার প্রতি হালি লেবু বিক্রি হয়েছে ৩২ থেকে ৩৫ টাকায়, শসা কেজি প্রতি ৫৫ থেকে ৬০ টাকায়, বড় শসা ১০০ টাকায়, টমেটো ২৮ থেকে ৩০ টাকায়, গাজর ২৮ থেকে ৩২ টাকায়, ধনিয়াপাতা ১২০ থেকে ১৩০ টাকায়, মরিচ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। মুদি সামগ্রীর মধ্যে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩২ থেকে ৩৪ টাকায়, ভারতীয় পেঁয়াজ ৩২ টাকায়, দেশি আদা ৯৪ থেকে ৯৬ টাকায়, ভারতীয় আদা ৭৫ থেকে ৮০ টাকায়, থাই আদা ২০০ টাকায়, বিদেশি রসুন বিক্রি হয়েছে ২০০ টাকায়। রেলগেট বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছে ৩৮০ থেকে ৪০০ টাকা, খাসীর মাংস ৬৩০ থেকে সাড়ে ৬শ টাকা, রুই মাছ ২৮০ টাকায়, কাতল মাছ সাড়ে ৩শ টাকায় এবং বোয়াল মাছ ৭শ টাকায়। অপরিবর্তিত রয়েছে ডিমের দাম। প্রতি পিস দেশি মুরগির ডিম ১৩ টাকা, হাঁসের ডিম ১২ টাকা, ব্রয়লার মুরগির ডিম ৯ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতিকেজি আতপ চাল ২৪ টাকা, মিনিকেট ৫০ থেকে ৫২, দেশি মশুরের ডাল ১৪৫ থেকে ১৫০, ভারতীয় মশুর ১১০ টাকা, বুটের ডাল ৮৪ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা নিত্যপণ্যের দাম তবে ‘স্থিতিশীল’ বললেও মানতে নারাজ ক্রেতারা। জমীর উদ্দিন নামে এক ক্রেতা বলেন, ‘গত ২-৩ সপ্তাহে পণ্যের দাম অনেক বেড়েছে। এ সপ্তাহে অপরিবর্তিত থাকলেও দাম এমনিতেই বেশি।’ এআর/এনএফ/এবিএস