দলবদলের আগেই অন্য ক্লাব থেকে অগ্রিম অর্থ গ্রহণকারী আট ফুটবলারকে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবেই থাকতে বা খেলতে হবে বলে অন্তবর্তীকালীন আদেশ দিয়েছেন হাইকোর্ট। এই আট ফুটবলাররা হলেন, মামুনুল ইসলাম, শাহেদুল আলম, রায়হান হাসান, ইয়ামিন মুন্না, জামাল ভুইয়া, নাসির, সোহেল রানা এবং আলমগীর কবির রানা।একই সঙ্গে ওই আট খেলোয়াড়কে কেন শেখ জামালে ফেরত দেয়ার নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে ক্রীড়া সচিব, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও সেক্রেটারিসহ আট ফুটবলারকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।শেখ জামালের পক্ষে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।ওই আট ফুটবলার দলবদল শুরুর আগেই অন্য ক্লাব থেকে অবৈধভাবে অগ্রিম টাকা নিয়েছে। সেই টাকার চেকগুলো জানুয়ারিতে বাফুফের কাছে হস্তান্তরও করেছিলেন শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। এমনকি আট খেলোয়াড়ের আর্থিক লেনদেন নিয়ে বাফুফের কাছে সম্প্রতি শেখ জামাল কর্তৃপক্ষ নালিশ দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি দেশের ফুটবল অভিভাবক সংস্থাটি। এসব অভিযোগ উল্লেখ করে হাইকোর্টে রিট করেন শেখ জামাল ক্লাবের কর্তৃপক্ষ। এফএইচ/আইএইচএস/এবিএস