টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জন্য নিজ দেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন পাকিস্তান ক্রিকেট দলের কোচ ওয়াকার ইউনুস। দেশে ফিরে লাহোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে এমনটাই বলেন ওয়াকার। ওয়াকার বলেন, ‘আমার দলের পারফরম্যান্সের কারণে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। এখনই সময় এসেছে ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার। আমি কাউকে আলাদা করে দোষ দিচ্ছি না।’ পাকিস্তান দলের খারাপ পারফর্মেন্স নিয়ে পিসিবির ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটিতে যোগ দিতে সোমবার পিসিবি কার্যালয়ে আসেন ওয়াকার। ওয়াকার ইউনুস বলেন, ‘সামান্য পরিবর্তন করে আসলে কোন উন্নতি হবে না ক্রিকেটের। এখনই পুরো ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে।’ পিসিবি চাইলে যে কোন সময় পদত্যাগ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন পাক কোচ। ‘আমি চলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। যদি আমার চলে যাওয়া সব সমস্যার সমাধান দেয় তাহলে পিসিবি চাইলেই আমি চলে যাবো।’ দলের ভেতরে অন্তর্কোন্দলের গুঞ্জন শোনা যাচ্ছিল। সে গুঞ্জনকে উড়িয়ে দিয়ে ওয়াকার বলেন, ‘দলের ভেতর কোন রাজনীতি নেই। আসল কথা হলো আমরা খারাপ খেলেছি। দলের ভেতর কোন গ্রুপিং নেই।’আরআর/আইএইচএস/এবিএস