জরায়ুর মুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে জননীর জন্য পদযাত্রা কর্মসূচি আগামীকাল (বুধবার) গাজীপুরে অনুষ্ঠিত হবে। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে সকাল ১০টায় পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলায় (সাবেক) এসে শেষ হবে। পদযাত্রায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা পদযাত্রায় অংশ নেবেন। পদযাত্রা শেষে চিকিৎসকদের জন্য ‘সারভাইকেল ক্যান্সার স্ক্রিনিং’ শীর্ষক একটি সেমিনার সিএমই মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।জননীর জন্য পদযমাত্রা কর্মসূচির সমন্বয়কারী জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন জানান, বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। এরপরই জরায়ুর মুখের ক্যান্সারের অবস্থান। বাংলাদেশে প্রতি বছর নতুন করে ১২ হাজার নারী জরায়ুর মুখের ক্যান্সারে আক্রান্ত ও ৬ হাজার মারা যায়। তিনি জানান, এ রোগটি প্রতিরোধযোগ্য। কোষের অভ্যন্তরে অস্বাভাবিক পরিবর্তন শুরুর পর প্রাণঘাতি ক্যান্সারে পরিণত হতে ২৫ বছর সময় লাগে। নিয়মিত স্ত্রিনিং এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে চিহ্নিত হলে অল্প চিকিৎসায় আরোগ্য লাভ সম্ভব। ফলে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।এমইউ/এসএইচএস/এবিএস