দেশজুড়ে

মাদারীপুরে দুই ইউপিতে সংঘর্ষ : আহত ১৮

মাদারীপুরে দুই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৮ জন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ও ১০টার দিকে মস্তফাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটমাঝি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কুন্তিপাড়া সরকারি বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়াচ্ছিলেন। এ নিয়ে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী বাবুল আক্তার ও স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান দর্জীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় গ্রুপের ৮ জন আহত হয়েছেন। এদিকে সকাল ১০টার দিকে মস্তফাপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুদ্দুস মল্লিকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর বোমা ফাটিয়ে হামলা চালায়। এ সময় বোমার আঘাতে একজনসহ ১০ জন আহত হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল দুইজনকে পাঠানো হয়েছে।এদিকে, ব্যালট বাক্স ছিনতাইয়ের কারণে ঘটমাঝি ইউনিয়নের ৬, ৭ ও ৯ নং কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া বাকি ইউনিয়নগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। উল্লেখ্য, ১৫টি ভোটকেন্দ্রে ৫শ’ পুলিশ, ১২০ জন বিজিবি, ৯০ জন র্যাব সদস্য, ১ হাজার আনসারসহ প্রতিটি ইউনিয়নে ১টি করে ভ্রাম্যমাণ আদালতসহ ১টি করে স্টাইর্কিং ফোর্স নিয়োগ দেয়া হয়েছে। মাদারীপুর সদরের ১৫টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ২ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পথে। বাকি ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিভিন্ন দলের ৩২ জন প্রার্থী রয়েছেন। আর মেম্বার পদে ৪৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৩৪ টি ভোটকেন্দ্রে ২ লাখ ৭ হাজার ৯৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।নাসিরুল হক/এসএস/এবিএস