বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসামে নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন। খবর ইকোনমিকস টাইমসের। রাজনাথ বলেন, সীমান্ত এখনো উন্মুক্ত রয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই; কংগ্রেস সীমান্তে কেন বেড়া দিচ্ছে না, বাংলাদেশ থেকে স্রোতের মতো অনুপ্রবেশকারীরা আসামে প্রবেশ করছে। তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ স্রোত ঢুকছে, আমি কয়েক মাস আগে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেছি, শিগগিরই পুরোপুরি দুই দেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। আমি বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছি। বাংলাদেশ থেকে ভারতে অবৈধ মুদ্রা পাচারের বিষয়েও ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। এসআইএস/পিআর