খেলাধুলা

ক্যারিবীয়দের ১৪৬ রানই এসেছে বাউন্ডারি থেকে

অসাধারণ এক ম্যাচ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। ভারতের করা ১৯২ রানের জবাব দিতে নেমে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেলো ক্যারিবীয়রা। তাতে স্তব্ধ হয়ে গেছে পুরো ভারতবর্ষ। মুহূর্তেই হতাশার কালোছায়া ঢেকে ফেলে তাদেরকে।ওয়াংখেড়ে স্টেডিয়ামে মূলত ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ক্রিস গেইল এবং মারলন স্যামুয়েলস আউট হয়ে যাওয়ার পরও যে ক্যারিবীয়রা জিততে পারবে তা কারোরই বিশ্বাস হওয়ার কথা নয়। কিন্তু জিতেছে ড্যারেন স্যামির দলই। আর ওয়েস্ট ইন্ডিজের করা ১৯৬ রানের মধ্যে ১৪৬ রানই এসেছে বাউন্ডারি থেকে।অর্থাৎ মোট রানের ৭৬.৮৪ ভাগ রানই এসেছে বাউন্ডারি থেকে। এছাড়া ৬ রান এসেছে অতিরিক্ত থেকে। বাকি ৪৪ রান এসেছে ১, ২ কিংবা ৩ থেকে। সব মিলিয়ে ক্যারিবীয় ব্যাটসম্যানরা মোট ২০টি বাউন্ডারি এবং ১১টি ছক্কার মার মেরেছে।টি-টোয়েন্টির ইতিহাসে ১৭৫ রানের বেশি ইনিংস হয়েছে ১২৬ বার। এর মধ্যে বাউন্ডারি থেকে রান ওঠার গড় এটা অবশ্য তৃতীয় স্থানে। সবচেয়ে বেশি বাউন্ডারির গড় হচ্ছে নেদারল্যান্ডসের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে মোট রানের ৮৫.৭১ ভাগ রানই ডাচরা তুলেছিল বাউন্ডারি থেকে।দ্বিতীয় স্থানেও রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার করা ২৩২ রানের বিশাল চ্যালেঞ্জ পার করার সময় বাউন্ডারি থেকে রান তুলেছিল ৭৮.২২ ভাগ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত আজ যে ১৯২ রান করেছিল তার মধ্যে বাউন্ডারি থেকে এসেছে মাত্র ৯২ রান। গড় হচ্ছে ৪৯.১৯ ভাগ।এই ম্যাচটিতে আবার টি-টোয়েন্টি ক্রিকেটের একটা রেকর্ডও হয়েছে। সেটা হলো, এই ম্যাচে উইকেট প্রতি রান খরচ হয়েছে ৭৭.৬০ করে। টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ। দুই ইনিংস মিলে খেলা হয়েছে মোট ৩৯.৪ ওভার। রান হয়েছে সর্বমোট ৩৮৮। উইকেট পড়েছে দু`দলের মাত্র ৫টি।মুম্বাইর ওয়াংখেড়েই দক্ষিণ আফ্রিকার করা ২২৯ রানের বিশাল রান তাড়া করেছিল ইংল্যান্ড। সেই একই মাঠে আজ ১৯২ রান তাড়া করলো ওয়েস্ট ইন্ডিজ। এই দুটি রান তাড়া করে জয় আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের রেকর্ডও বটে।আইএইচএস/বিএ