খেলাধুলা

বিসিএলে পাকিস্তান সিরিজের প্রস্তুতি, বিসিবিকে তাসকিনের ধন্যবাদ

দীর্ঘদিন ইনজুরি আর অসুস্থতার সঙ্গে লড়াই শেষে আবার ২২ গজে ফিরলেন তাসকিন আহমেদ। ১২তম বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে সেন্ট্রাল জোনের জার্সি গায়ে জড়িয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করলেন তিনি। বিপিএলের শেষ দিকে চোট আর পরবর্তীতে সাইনাস ইনফেকশনের কারণে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপও মিস করেছিলেন এই পেসার। তবে বৃহস্পতিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সেই শঙ্কা কাটিয়ে চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন তিনি।

ইস্ট জোনের বিপক্ষে জয়ে ফেরার ম্যাচে ১০ ওভার বোলিং করে ৪৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তাসকিন। ম্যাচ শেষে নিজের ফেরা নিয়ে তিনি বলেন, “আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, যে কারণে বোলিং বন্ধ ছিল। আমার বোলিংয়ের ওয়ার্কলোড ধীরে ধীরে বাড়ানো প্রয়োজন ছিল। সে কারণেই প্রথম ম্যাচটা খেলিনি এবং দ্বিতীয় ম্যাচে ফিরেছি।”

সবশেষ গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তাসকিন। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোলে দীর্ঘ সময় সাদা বলের ৫০ ওভার ফরম্যাটে খেলা হয়নি তার। ফেরাটা জয়ে রাঙাতে পেরে সন্তুষ্ট এই পেসার। তিনি বলেন, “অনেকদিন পর ওয়ানডে ক্রিকেট খেললাম। আমরা ম্যাচটা জিতেছি এবং আমার মনে হয় বোলিং মোটামুটি ভালো হয়েছে। আশা করি এটি আরও ভালো হবে। সব মিলিয়ে দিনটা ভালো ছিল।”

সামনেই পাকিস্তান সিরিজ, আর তার আগে বিসিএল-এর এই আসরকে প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছেন তাসকিন। টুর্নামেন্টের মান নিয়ে প্রশংসা করে তিনি আরও যোগ করেন, 'পাকিস্তান সিরিজের আগে এই বিসিএল আয়োজন খুব ভালো হয়েছে। এখানকার কন্ডিশন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং বেশিরভাগ ম্যাচই খুব হাড্ডাহাড্ডি হচ্ছে। এটি আমাদের পাকিস্তান সিরিজের জন্য শারীরিকভাবে, মানসিকভাবে এবং টেকনিক্যালি প্রস্তুত হতে সাহায্য করবে। এমন একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমি বিসিবি-কে ধন্যবাদ জানাই।'

এসকেডি/কেএএ/