দেশজুড়ে

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের

ফরিদপুরের বোয়ালমারীতে কম্প্রেসার মেশিনের বাতাস পায়ুপথে ঢুকিয়ে কিশোর শ্রমিক সজিব শরীফকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিমকে (২২) গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে র‍্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত সজিব শরীফ (১৫) পাশের দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে। সে মিলটির স্পিনিং বিভাগে হেলপার হিসেবে কাজ করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে শরীরে লেগে থাকা পাটের আঁশ পরিষ্কার করতে সজিব কম্প্রেসার মেশিনের হাওয়ার পাইপ ব্যবহার করছিল। এসময় সহকর্মী রিহাত শেখ ও তার এক সহযোগী মিলে মেশিনের উচ্চচাপের বাতাস সজিবের পায়ুপথে প্রবেশ করান। এতে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং সে অচেতন হয়ে পড়ে।

পরে সহকর্মীরা তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার জানায়, অতিরিক্ত চাপের কারণে সজিবের অন্ত্র একাধিক স্থানে ছিদ্র হয়ে যায়। চিকিৎসকরা অস্ত্রোপচার করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতের বাবা বোয়ালমারী থানায় হত্যা মামলা করেছেন।

র‍্যাব জানায়, ঘটনার পরপরই অভিযুক্ত রিহাত শেখ আত্মগোপনে চলে যান। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মাগুরার শ্রীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।

স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, এ ধরনের নৃশংস অপরাধের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছেন। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম