চমকে ওঠার মতো খবরই বটে! মেসি বার্সা ছাড়ছেন—এমন গুঞ্জন বাতাসে ভাসছে, তাই বলে রিয়ালে যোগ দিয়ে দিলেন এই আর্জেন্টাইন? কথাটা চমকে দেওয়ার জন্যই না। স্প্যানিশ লিগ শেষেই তিনি রিয়ালের সাথে চুক্তি করবেন বলে জানা গেছে। আর মেসিকে দলে ভেড়াতে ২৫০ মিলিয়ন ইউরো ও মাসিক বেতন ২০ মিলিয়ন দেওয়ার প্রস্তাব করেছে রিয়াল। আর তাতেই রাজি হয়ে গেছেন মেসি। খবরটি প্রকাশ করেছে ফুটবল বিষয়ক বিখ্যাত ওয়েবসাইট গোলডটকম।গোলডটকমই জানিয়েছে, মেসির বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তে হতাশ তার ভক্তরা। মাত্র ১৩ বছর বয়সেই স্প্যানিশ এই ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু বাড়তি অর্থের জন্য এভাবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত খুব হতাশাজনক বলে মনে করেন ফুটবল বোদ্ধারা।কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে মেসি বলেছিলেন, আর্থিক দিক থেকে বিবেচনা করলে আমি যা চাই এবং যার যোগ্য বার্সেলোনা আমাকে তেমন কিছুই দিচ্ছে না। এর আগে ব্যালন ডি’অর অনুষ্ঠানে বার্সায় নিজের ভবিষ্যৎ অনিশ্চিত বলে জানিয়েছিলেন বার্সার এই প্রাণ ভোমরা। তারই প্রতিফলন ঘটছে এই চুক্তির মধ্য দিয়ে।
পাঠক, মেসি রিয়ালে যোগ দেওয়ার সিদ্ধান্তটা হঠাৎ কেন নিলেন? ফরাসি ক্লাব পিএসজি এবং ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানসিটি কিংবা চেলসি তো তার বাই আউট ক্লজ ২৫০ মিলিয়ন ইউরোই নয়, আরও বেশি অর্থ দিতে রাজি। পারিশ্রমিক হিসেবে ২০ মিলিয়ন ইউরো নয়, আরও বেশি দিতে রাজি ছিল; কিন্তু হঠাৎ করেই কেন এল ক্ল্যাসিকোর একদিন আগে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জুটি হওয়ার জন্য রাজি হয়ে গেলেন মেসি?
একটু কী বিষয়টা ভেবে দেখেছেন? এখানে ভিন্ন কিছু নেই তো। কেউ আপনাদের বোকা বানানোর চেষ্টা করেনি তো! আচ্ছা, আজ যেন কত তারিখ? ১ এপ্রিল, তাই না! দিনটিকে তো এপ্রিল ফুলও বলা হয়ে থাকে। তাহলে কী গোলডটকম তার পাঠকদের আজকের এই দিনে বোকা বানিয়ে দিয়েছে? প্রশ্নটার উত্তর খুঁজে দেখুন তো একবার। প্রতি বছরই তো এভাবে এই দিনে গোলডটকম তার পাঠকদের বোকা বানিয়ে দেয়! আমরাও তাহলে বোকা হয়ে গেলাম। মেসি আসলে বার্সাতেই থাকছেন। রিয়ালে যাওয়ার খবরটা ‘এপ্রিল ফুল’-এরই উপহার।
আরএ/এমআর/এবিএস