জাতীয়

ইউপি নির্বাচন : ভোট পড়েছে ৭৬ শতাংশ

বিভিন্ন জায়গায় ব্যাপক হতাহতের মধ্যে দিয়ে বৃহস্পতিবার শেষ হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট পড়েছে ৭৬ শতাংশ। দ্বিতীয় ধাপের ইউপির এই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে প্রায় ৭০ শতাংশ আর বিএনপি পেয়েছে ১১ শতাংশ ভোট।দেশের বিভিন্ন জায়গায় ৬ শতাধিক ইউপিতে নির্বাচন হলেও শুক্রবার বিকেল পর্যন্ত ইসি মাত্র ৫৫০টি ইউপির ফলাফল আনুষ্ঠানিকভাবে জানাতে পেরেছে।ইসির করা প্রতিবেদন অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ৩৩ ইউপি চেয়ারম্যান। কেন্দ্র স্থগিতের কারণে ৯টি ইউপিতে ফের নির্বাচন হবে। ৫৪১টি ইউপির মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ৩৭২টি আসন। আর বিএনপি ৫৮টি, জাতীয় পার্টি ৩টি এবং জাতীয় পার্টি-জেপি পেয়েছে ২টি আসন।এছাড়া ১০৫টি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। অবশিষ্ট আসনগুলো অন্যান্য ১৩টি দল পেয়েছেন। ইসির সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক জানান, ফলাফল ব্যবস্থাপনা সফটওয়্যার (আরএমএস) অনুযায়ী ৬০৫টি ইউপিতে চেয়ারম্যান পদে ভোট হয়। বাকিগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণ হয়নি। সফটওয়্যারে ফলাফল এসেছে ৫৫০টির। এসব ইউপিতে মোট ভোটার ৯৬ লাখ ৪৩ হাজার ৬৮২জন। এর মধ্যে ভোট পড়েছে ৭৩ লাখ ৪১ হাজার ৮৯৬টি। বাতিল ভোটের সংখ্যা ১ লাখ ৫০ হাজার । এ হিসেবে ৫৫০টি ইউপিতে ভোট দেয়ার হার ৭৬ দশমিক ১৩ শতাংশ। তবে এটা সামান্য কম-বেশি হতে পারে। কেননা এখনও ৫৫টি ইউপি’র ফলাফল মাঠ পর্যায় থেকে আসেনি।এইচএস/এআরএস/পিআর